Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • তারাতলা বিপর্যয়ে বড় প্রশ্ন! অনুমোদন দিয়েছিল পুরসভা, তবু ‘কিছু জানি না’ বললেন ফিরহাদ
রাজ্য

তারাতলা বিপর্যয়ে বড় প্রশ্ন! অনুমোদন দিয়েছিল পুরসভা, তবু ‘কিছু জানি না’ বললেন ফিরহাদ

firhad hakim 1
Email :7

তারাতলার ভয়াবহ গুদাম বিপর্যয়ের পর একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্মীয়মাণ গুদাম ভেঙে মৃত্যু হয়েছে একাধিক শ্রমিকের, আহত হয়েছেন আরও অনেকে। এই ঘটনার পর নজর ঘুরেছে নির্মাণের অনুমোদন প্রক্রিয়ার দিকে। কারণ, এমন নির্মাণকাজের অনুমতি দেয় পুরসভাই। আর সেই কারণেই প্রশ্নের মুখে প্রাক্তন মেয়র ও কলকাতা পোর্ট এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad hakim)।

ঘটনার পর তাঁর প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে ফিরহাদ জানান, এই নির্মাণকাজ সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। কে কাজের দায়িত্বে ছিল, কোন সংস্থা নির্মাণ করছিল বা কারা ঠিকাদারি পেয়েছিল, সে বিষয়ে তিনি (Firhad hakim) কিছু জানেন না বলেই দাবি করেন।

ফিরহাদের (Firhad hakim) বক্তব্য, প্রতিটি নির্মাণ প্রকল্পের প্রযুক্তিগত বিষয় খতিয়ে দেখেন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা। কী ধরনের নির্মাণসামগ্রী ব্যবহার হচ্ছে বা কাজ কতটা নিরাপদ, সেই বিষয়গুলিও তাঁদের তত্ত্বাবধানেই থাকে। ফলে প্রতিটি প্রকল্পের খুঁটিনাটি জানা কোনও জনপ্রতিনিধির পক্ষে সম্ভব নয় বলেই তিনি মনে করেন।

তবে তিনি (Firhad hakim) উদ্ধারকাজের প্রশংসা করেছেন। তাঁর দাবি, দুর্ঘটনার পর প্রশাসন দ্রুত পদক্ষেপ করেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সরকারের ভূমিকা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালেও গুদাম নির্মাণের কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার কিছুক্ষণ আগে কয়েকটি লোহার বিম নড়বড়ে হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে শ্রমিকরা ভিতরে ঢুকে কাঠামো ঠিক করার চেষ্টা করছিলেন। সেই সময় আচমকাই ভেঙে পড়ে বিশাল লোহার শেড। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। তারপরই শুরু হয় উদ্ধার অভিযান।

এই ঘটনার পর নির্মাণ নিরাপত্তা, অনুমোদন প্রক্রিয়া এবং তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেই সব প্রশ্নের উত্তর মিলবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts