সপ্তাহজুড়ে ঝগড়া, মান-অভিমান, গসিপ আর নানা বিতর্কের পর বিগ বস বাংলার (Bigboss Bangla) সপ্তাহান্তের পর্বে এল বড় সিদ্ধান্ত। দর্শকদের ভোটের ভিত্তিতে বিগ বসের ঘর থেকে পাকাপাকিভাবে বিদায় নিলেন জয়িতা চট্টোপাধ্যায়। কিন্তু কেন জয়িতাকেই ঘর ছাড়তে হল, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
সপ্তাহান্তের পর্বের (Bigboss Bangla) শুরুতেই প্রতিযোগীদের কড়া বার্তা দেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, খেলায় প্রত্যেককে নিজের জন্যই লড়তে হবে। কোনও প্রতিযোগীকে পছন্দ করলেও নিজের খেলা ভুলে গেলে চলবে না। তাঁর এই কথার পরই এলিমিনেশন নিয়ে ঘরের সদস্যদের মতামত জানতে চাওয়া হয়।
দাদার প্রশ্নের উত্তরে প্রতিযোগীদের মধ্যে তৈরি হয় স্পষ্ট বিভাজন। দীপেন্দু বিশ্বাস সরাসরি জানান, জয়িতারই ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত (Bigboss Bangla) । তাঁর সঙ্গে একই মত প্রকাশ করেন ঝিলম, নিরঞ্জন এবং সায়ক। অন্যদিকে ভরত কল, রাজবীর দে, নন্দিনী এবং মনামী নাম নেন আলেকজান্দ্রিয়ার। আবার সোহিনী ও সোনামণির মতে, দুর্নিবার সাহার বিদায় নেওয়া উচিত।
অ্যালেক্সের নাম উঠে আসতেই সোহিনীর উদ্বেগও প্রকাশ্যে আসে (Bigboss Bangla) । অ্যালেক্স সবসময় তাঁর কথা শোনেন এবং দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছে বলে জানান সোহিনী। তাই অ্যালেক্স ঘর থেকে বেরিয়ে গেলে তিনি খুব কষ্ট পাবেন বলেও জানান। অন্যদিকে দুর্নিবারের বিদায় হলে ঝিলমও যে ভেঙে পড়বেন, তা তাঁদের কথাবার্তায় স্পষ্ট হয়ে যায়।
তবে এলিমিনেশনের উত্তেজনার মধ্যেও এ দিনের পর্বে ছিল হাসি-ঠাট্টা। পরিবেশ কিছুটা হালকা করতে জয়িতার সঙ্গে মজার খেলায় মাতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিয়ম ছিল, দাদা যে কথা বলবেন, জয়িতাকে তার উল্টো কথা বলতে হবে। এই খেলায় জয়িতাকে পিছন থেকে সাহায্য করতে দেখা যায় ভরত কলকে।
এর মধ্যেই পুরনো একটি বিতর্কিত মন্তব্য সামনে আনেন সৌরভ। জয়িতাকে তিনি বলেন, ‘আমার জীবনে তোমার কোনও অস্তিত্ব নেই!’ এই কথার সঙ্গে আগের একটি ঘটনার যোগ ছিল। দুর্নিবারের সঙ্গে বচসার সময় জয়িতাও একই ধরনের মন্তব্য করেছিলেন। সেই পুরনো ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে তখন যথেষ্ট আলোচনা হয়েছিল। দাদার মুখে ফের সেই কথা শুনে বিগ বসের ঘরে হাসির রোল ওঠে (Bigboss Bangla) ।
এর পর রাজবীর দেকেও একটি মজার খেলায় সামিল করেন সৌরভ। নাচ, গান এবং নানা মজার মুহূর্তে কিছুক্ষণের জন্য এলিমিনেশনের চাপ ভুলে যায় বিগ বসের ঘর। কিন্তু সেই হাসির আবহ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
শেষে আসে সেই প্রতীক্ষিত ঘোষণা। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, দর্শকদের ভোটে বিগ বস বাংলার ঘর থেকে বিদায় নিতে হচ্ছে জয়িতা চট্টোপাধ্যায়কে। ফলে শেষ হয়ে যায় তাঁর বিগ বস সফর।
জয়িতার বিদায় নিয়ে সামাজিক মাধ্যমে নানা মত সামনে এসেছে। দর্শকদের একাংশের মতে, ঘরে ঢোকার পর থেকেই বিভিন্ন মন্তব্য এবং বচসাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। কখনও অন্য প্রতিযোগীদের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছে, আবার কখনও তাঁর আচরণকে আগ্রাসী বলেও মনে করেছেন অনেকে। ঘরের ভিতরেও দীপেন্দু, ঝিলম-সহ কয়েক জনের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছিল।
সব মিলিয়ে জয়িতার বিদায়ের পিছনে তাঁর ঘরের সমীকরণ এবং দর্শকদের ভোট কতটা প্রভাব ফেলেছে, তা নিয়েই এখন আলোচনা। তাঁর চলে যাওয়ার পর বিগ বস বাংলার খেলায় কোন নতুন সমীকরণ তৈরি হয়, সেটাই এখন দেখার।





