হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা ঘিরে দীর্ঘ টানাপোড়েনের অবশেষে অবসান হল। কলকাতা হাইকোর্ট ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুর কোর্ট চত্বরে সভা করার অনুমতি দিয়েছে। তবে সেই অনুমতি একাধিক শর্তসাপেক্ষ।
আগে শ্রীরামপুরে মিছিল করার পরিকল্পনা ছিল। সেই আবেদন আদালতে ওঠার পর মিছিলের বদলে সভার অনুমতি দেওয়া হয়। আদালত জানিয়ে দিয়েছে, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সভা শেষ করতে হবে। সভায় সর্বোচ্চ এক হাজার জন থাকতে পারবেন। পাশাপাশি কোনও মিছিল করা যাবে না এবং গুরুত্বপূর্ণ জিটি রোড যাতে অবরুদ্ধ না হয়, তা নিশ্চিত করতে হবে।
সভাস্থল নিয়েও এর আগে জটিলতা তৈরি হয়েছিল। মমতার (Mamata Banerjee) কর্মসূচির জন্য যে মাঠ ব্যবহারের কথা উঠেছিল, সেই মাঠ দিতে আপত্তি জানায় জগন্নাথ মঠ কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য ছিল, গত ৫ জুলাইয়ের একটি সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয়, সেবামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া অন্য কোনও কর্মসূচির জন্য মাঠ দেওয়া হবে না।
এই সিদ্ধান্ত নিয়ে শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, শুধুমাত্র রাজনৈতিক কারণে কোনও রাজনৈতিক দলকে মাঠ ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়। ভবিষ্যতে অন্য কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রেও একই নীতি বজায় রাখার কথা বলেন বিচারপতি।
মঠ কর্তৃপক্ষের তরফে আদালতে জানানো হয়, গত ৫ জুলাই সিদ্ধান্ত নিয়ে ধর্মীয়, সেবামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া অন্য কোনও কর্মসূচি না করার সিদ্ধান্ত হয়েছে। তবে মমতার (Mamata Banerjee) আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, মামলার শুরুর দিকে এই সিদ্ধান্তের কথা কেন জানানো হয়নি।
শেষ পর্যন্ত মাঠ নিয়ে জটিলতার মধ্যেই শ্রীরামপুর কোর্ট চত্বরে সভার অনুমতি দিয়েছে আদালত। ফলে ২৬ সেপ্টেম্বর মমতার সভা করার পথ আপাতত পরিষ্কার হয়েছে। তবে এক হাজারের বেশি জমায়েত না করা, বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে কর্মসূচি শেষ করা এবং কোনও মিছিল না করার শর্ত মানতে হবে আয়োজকদের।









