কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুম ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেখানে সন্দেহজনক কিছু কাজ চলছে। এই অভিযোগ তুলে দলের দুই প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাঁজা বৃহস্পতিবার সন্ধ্যায় স্ট্রংরুমের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। দলীয় সূত্রে খবর, এই বিক্ষোভে যোগ দিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যেতে পারেন (Strong Room)।
তৃণমূলের অভিযোগ, স্ট্রংরুমের ভিতরে কারা ঢুকেছে এবং কীভাবে ঢুকেছে, তা পরিষ্কার নয়। সেখানে রাখা ইভিএম নিয়ে কারচুপির আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের দাবি, ভিতরে কী কাজ হচ্ছে তা স্পষ্ট করে জানাতে হবে নির্বাচন কমিশনকে (Strong Room)।
কুণাল ঘোষ জানান, বিকেল পর্যন্ত দলীয় কর্মীরা স্ট্রংরুমের (Strong Room) সামনে ছিলেন। কিন্তু পরে তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর হঠাৎ করে একটি ইমেল পাঠিয়ে জানানো হয়, বিকেল চারটায় স্ট্রংরুম খোলা হবে। সেই খবর পেয়ে তাঁরা সেখানে পৌঁছলেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল জানান, তাঁর কাছে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। তবে যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক বিষয়টি খতিয়ে দেখবেন। তিনি সাংবাদিকদেরও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখার পরামর্শ দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং স্ট্রংরুমের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।












