রাজ্যের সংবেদনশীল বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে কোনও বেআইনি বিষয় নেই এবং নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (CRPF)।
গত ১৮ এপ্রিল কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু বুথকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট করাতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী মোতায়েন করা হবে (CRPF)। এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে যায় তৃণমূল।
শুনানিতে তৃণমূলের আইনজীবীর দাবি ছিল, বাহিনী মোতায়েনের (CRPF) ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম পুরোপুরি মানা হয়নি। তাঁর বক্তব্য, ভোটের অনেক আগেই সংবেদনশীল এলাকা চিহ্নিত করা উচিত ছিল। কিন্তু এখানে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।
অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আইন অনুযায়ী নির্বাচনের মাঝে আদালতের হস্তক্ষেপের সুযোগ সীমিত। এছাড়া আইনশৃঙ্খলা ঠিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (CRPF)।
আদালত পর্যবেক্ষণে জানায়, গোয়েন্দা রিপোর্ট ও তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবেদনশীল এলাকা চিহ্নিত করার কাজ আগেই শুরু হয়েছিল এবং জেলা প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত ছিল। তাই এই নির্দেশে কোনও ভুল নেই।
এই রায়ের ফলে স্পষ্ট হয়ে গেল, সংবেদনশীল বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং তা নিয়ে আর কোনও আইনি বাধা রইল না। ভোটের আগে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।











