শুক্রবার একুশে জুলাইয়ের সমাবেশ সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্ট খতিয়ে দেখে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের পর্যবেক্ষণ, সমর্থকদের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার পরেও সেই নির্দেশ পুরোপুরি মানা হয়নি। ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন বিচারপতি।
শুনানির সময় বিচারপতি (Calcutta High Court) জানতে চান, সমাবেশে কোনও অশান্তির ঘটনা ঘটেছিল কি না। কালীঘাট তৃণমূলের পক্ষে আইনজীবী আদালতে জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এবং কোনও অশান্তি হয়নি।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, সমাবেশে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সমাবেশে উপস্থিত মানুষের সংখ্যা নির্ধারিত সীমা ছাড়িয়ে যায়। এর ফলে ক্যাথিড্রাল রোডের দুই দিকই অবরুদ্ধ হয়ে পড়ে। আদালতের নির্দেশ অনুযায়ী একটি রাস্তা খোলা রাখার কথা থাকলেও তা বাস্তবে সম্ভব হয়নি। এই কারণেই আদালতের নির্দেশ পুরোপুরি পালন করা হয়নি বলে রাজ্যের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই রিপোর্টের ভিত্তিতে বিচারপতি (Calcutta High Court) সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, ভবিষ্যতে আদালতের নির্দেশ লঙ্ঘন করা হলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। আদালতের এই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, একুশে জুলাইয়ের সমাবেশকে ঘিরে অতীতেও একাধিকবার বিতর্ক তৈরি হয়েছিল। সমাবেশের স্থান এবং আদালতের নির্দেশ পালন নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। এবারও রাজ্যের রিপোর্টে নিয়ম পুরোপুরি মানা হয়নি বলে উল্লেখ থাকায় বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে।












