তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। সেই পরিস্থিতিতেই হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রাম। রবিবার সন্ধ্যায় প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতে মৃত্যু হল দুই জনের, আহত হয়েছেন আরও তিন জন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, কান্দি থানার কল্যাণপুর গ্রামের বাসিন্দা সরানন দাস পেশায় রাজমিস্ত্রি ছিলেন (Murshidabad)। রবিবার বিকেলে কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন। অন্যদিকে সাবিত্রী ঘোষ নামের এক মহিলা ডাক্তার দেখিয়ে নিজের গ্রাম বরারে ফিরছিলেন। সেই সময় আচমকা শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। কালবৈশাখীর দাপটে রাস্তায় দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে।
বৃষ্টি থেকে বাঁচতে খড়গ্রামের বরার গ্রামে রাস্তার ধারে একটি পাকুর গাছের নীচে আশ্রয় নেন সাবিত্রী ঘোষ, সরানন দাস এবং আরও কয়েক জন। স্থানীয়দের কথায়, হঠাৎ সেই গাছের উপরেই বজ্রপাত হয়। মুহূর্তের মধ্যে গুরুতর জখম হন সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আহত হন আরও তিন জন (Murshidabad)।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে। এই আকস্মিক ঘটনায় গোটা গ্রামে শোকের পরিবেশ তৈরি হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।












