বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া সতর্কবার্তার চব্বিশ ঘণ্টার মধ্যেই পুলিশের বড় পদক্ষেপ সামনে এল। রাতের অভিযানে হুমায়ুন কবীরের(Humayun Kabir) রাজনৈতিক সভার তিন আয়োজককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেজিনগর থানার লোকনাথপুর গ্রামের বাসিন্দা আমিনুল শেখ এবং কাশীপুর এলাকার বাসিন্দা গোলাম মোস্তাফাকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে শক্তিপুর থানা এলাকা থেকে আনিসুর রহমান নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ, যে সভায় হুমায়ুন কবীর (Humayun Kabir) বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন, সেই সভার আয়োজন এবং অনুমতির সঙ্গে এই তিন জন যুক্ত ছিলেন।
গত ছাব্বিশ জুন রেজিনগরের এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর (Humayun Kabir) এমন কিছু মন্তব্য করেন, যা ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়। সেই বক্তব্যের পর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং বিষয়টি রাজনৈতিক মহলেও তীব্র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
সোমবার বিধানসভায় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া অবস্থান নেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, যাঁরা ওই সভার আয়োজন করেছিলেন, তাঁদের বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হুমায়ুন কবীরকে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য আর বরদাস্ত করা হবে না। তাঁর এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযান শুরু হয়।
অন্যদিকে বিতর্কিত বক্তব্য নিয়ে হুমায়ুন কবীর নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, তিনি নির্দিষ্ট কিছু রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, কোনও সম্প্রদায়কে উসকে দেওয়ার উদ্দেশ্যে নয়। তবে সেই ব্যাখ্যায় বিতর্ক থামেনি। বরং তিন আয়োজকের গ্রেপ্তারের পর এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা, তদন্তের পরবর্তী ধাপে হুমায়ুন কবীরের বিরুদ্ধেও কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না।
এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।













