ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বড় অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR) আড়ালে পশ্চিমবঙ্গে প্রায় সাতাশ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে খামখেয়ালিভাবে বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগে তিনি জনস্বার্থ মামলা দায়ের করে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।
আবেদনে অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট ভোটারদের কোনও ধরনের শুনানির সুযোগ না দিয়েই সামান্য ভুলের অজুহাতে নাম কেটে দেওয়া হয়েছে। তাঁর দাবি, শুধু মুর্শিদাবাদ জেলাতেই প্রায় পাঁচ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে (SIR)।
অধীরের আরও অভিযোগ, ট্রাইব্যুনালে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় সমস্যার দ্রুত সমাধান হচ্ছে না। তাঁর বক্তব্য, বর্তমানে মুর্শিদাবাদে মাত্র দুটি ট্রাইব্যুনালে প্রতিদিন সীমিত সংখ্যক মামলার শুনানি হচ্ছে। এই গতিতে চললে জমে থাকা সমস্ত মামলার নিষ্পত্তি করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে (SIR)।
আবেদনে তিনি আরও দাবি করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় বহু সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প এবং সামাজিক সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ছেন। তাই দ্রুত এই পরিস্থিতির সমাধান জরুরি (SIR)।
সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ এবং মালদার মতো ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে ব্লকভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠনের আবেদন জানিয়েছেন। পাশাপাশি দ্রুত শুনানির জন্য পর্যাপ্ত কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারক নিয়োগের দাবিও তুলেছেন।
এছাড়া মামলার অগ্রগতি, শুনানির তালিকা এবং রায় সহজে দেখার জন্য একটি স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থা চালুর আর্জিও জানানো হয়েছে। একইসঙ্গে আপিল প্রক্রিয়া চলাকালীন যাতে কোনও নাগরিক সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার আবেদনও করা হয়েছে।













