বেলডাঙার (Beldanga) আইসিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এর আগে কয়েকদিন আগেই বেলডাঙার এসডিপিওকেও বদলি করা হয়েছিল। এবার একইভাবে আইসিকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের আগে একের পর এক এই ধরনের প্রশাসনিক বদলকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা (Beldanga)।
জানা গিয়েছে, সম্প্রতি বেলডাঙায় (Beldanga) এসে পরিস্থিতি পর্যালোচনা করেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার। ময়দানে নেমে তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। তার পরেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্য পুলিশের তরফে ইতিমধ্যেই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, হাওড়া থানার আশুতোষ রাইকে বেলডাঙা থানার (Beldanga) নতুন আইসি হিসেবে দায়িত্ব নিতে হবে। আজ মঙ্গলবার রাত আটটার মধ্যেই তাঁকে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। পাশাপাশি দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে পরিযায়ী এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বেলডাঙা। অভিযোগ, ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়। এরপর এলাকায় ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের রূপ নেয়। টানা দু’দিন ধরে অশান্তি চলে। পরে হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে এনআইএ।
এই তদন্তকে ঘিরেও রাজ্য ও এনআইএ-র মধ্যে টানাপোড়েন সামনে এসেছে। বিষয়টি একাধিকবার আদালত পর্যন্ত গড়িয়েছে। এর মধ্যেই রাজ্যে ভোটের আবহ তৈরি হয়েছে।
ভোটের আগে বেলডাঙার এসডিপিও এবং এখন আইসি বদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই ধারাবাহিক বদলির সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।











