প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) মঙ্গলবার ‘মেরা বুথ, সবসে মজবুত’ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বুথ স্তরের কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই আলোচনায় তিনি কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং পয়লা বৈশাখের শুভেচ্ছাও জানান।
মোদি (PM Modi) বলেন, বুথ স্তর শক্তিশালী হলে গণতন্ত্র আরও শক্তিশালী হয়, আর গণতন্ত্র শক্তিশালী হলে দেশ এগিয়ে যায়। তাঁর দাবি, বাংলার মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী (PM Modi) তাঁর সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলার মানুষ, সংস্কৃতি এবং মাটির সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। তাঁর কথায়, রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি মানুষের মধ্যে পরিবর্তনের ইচ্ছা ও উৎসাহ লক্ষ্য করেছেন।
মোদি (PM Modi) আরও বলেন, এই শক্তির ভিত্তি হলো বুথ স্তরের কর্মীদের পরিশ্রম এবং সাধারণ মানুষের বিশ্বাস। ‘মেরা বুথ, সবসে মজবুত’ শুধু একটি স্লোগান নয়, বরং গণতন্ত্রকে আরও শক্তিশালী করার একটি আন্দোলন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি (PM Modi) বাংলার নিরাপত্তা, নারী সুরক্ষা এবং যুব সমাজের কর্মসংস্থান নিয়েও মন্তব্য করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলার বহু যুবককে কাজের জন্য রাজ্যের বাইরে যেতে হচ্ছে, যা দুঃখজনক। তিনি আশ্বাস দেন, এমন একটি পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে যেখানে তরুণদের স্বপ্ন নিজের রাজ্যেই পূরণ হবে।
কৃষক ও শ্রমিকদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না এবং সাধারণ মানুষ দুর্নীতির চাপের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের একাধিক বুথ কর্মীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের অভিজ্ঞতা শোনেন এবং তাঁদের কাজের প্রশংসা করেন। একজন কর্মীর ব্যক্তিগত কষ্টের মধ্যেও সংগঠনের জন্য কাজ করার উদাহরণও তিনি তুলে ধরেন।
সব মিলিয়ে এই ভিডিও কনফারেন্সকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মোদির বার্তায় বাংলার রাজনীতিতে আসন্ন সময়ে নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই।












