বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে দল। তাই আগামী রবিবার জর্ডনের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচটি আর্জেন্টিনার কাছে শুধুই নিয়মরক্ষার। আর সেই কারণেই অধিনায়ক লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন কোচ লিওনেল স্কালোনি।
চলতি বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। প্রথম ম্যাচে হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনাকে সহজ জয় এনে দিয়েছেন তিনি (Lionel Messi)। শুধু গোল নয়, মাঠজুড়ে তাঁর খেলাও নজর কেড়েছে। তবে নকআউট পর্বের আগে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে আর্জেন্টিনা শিবির।
জর্ডন ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। ফলে এই ম্যাচে জয়ের চাপ নেই আর্জেন্টিনার উপর। এমন পরিস্থিতিতে দলের বেঞ্চ শক্তি পরীক্ষা করতে চান স্কালোনি। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে সব ফুটবলারেরই সুযোগ পাওয়া উচিত। তাই শেষ গ্রুপ ম্যাচে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।
যদিও স্কালোনি স্পষ্ট করে বলেননি, কারা বিশ্রাম পাবেন। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, সম্ভাব্য বিশ্রামের তালিকায় রয়েছেন লিওনেল মেসিও। বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। ফিরে এসে টানা দুই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করলেও তাঁর উপর অযথা বাড়তি চাপ দিতে চাইছে না দল (Lionel Messi)।
বিশেষ করে আমেরিকার গরম আবহাওয়ায় টানা ম্যাচ খেলতে গিয়ে ফুটবলারদের শারীরিক ধকল বেড়েছে। সেই কারণেই নকআউটের আগে মেসিকে সম্পূর্ণ সতেজ রাখাই এখন আর্জেন্টিনা দলের প্রধান লক্ষ্য।
তবে মেসি সমর্থকদের পুরোপুরি হতাশ হওয়ার কারণ নেই। প্রথম একাদশে না থাকলেও ম্যাচের শেষ দিকে তাঁকে মাঠে নামানো হতে পারে। কারণ, দুরন্ত ছন্দে থাকা মেসি নিজেও খেলতে চাইবেন। পাশাপাশি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগও হাতছাড়া করতে চাইবেন না আর্জেন্টিনা অধিনায়ক।













