তৃণমূল ভবন (TMC Bhawan) হিসেবে ব্যবহৃত বহুতলটি ফেরত নিতে গিয়ে হতাশ হয়ে ফিরতে হল বাড়ির মালিক মন্টু সাহাকে। রবিবার তিনি তাঁর ছেলেকে নিয়ে ই এম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটন এলাকার ওই ভবনে যান। উদ্দেশ্য ছিল তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে বাড়ি ফেরত নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা। কিন্তু সেখানে গিয়ে কাউকেই পাননি তিনি।
জানা গিয়েছে, মেট্রোপলিটনের যে বহুতলটি কয়েক বছর ধরে তৃণমূল ভবন (TMC Bhawan) হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার মালিক কলকাতার পরিচিত ব্যবসায়ী মন্টু সাহা। এদিন তিনি ভবনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে কথা বলেন। তবে দলের কোনও নেতা বা প্রতিনিধির সঙ্গে দেখা হয়নি বলে অভিযোগ।
ঘনিষ্ঠ মহলে মন্টু সাহা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু তাঁর ফোনের উত্তর মিলছে না। সেই কারণেই তিনি সরাসরি তৃণমূল ভবনে গিয়েছিলেন। সেখানে গিয়েও কোনও সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে তাঁকে।
মন্টু সাহা জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি তৃণমূল নেতৃত্বের উদ্দেশে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠাবেন। সেই চিঠিতে ভবন (TMC Bhawan) ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হবে। যদি তারও কোনও উত্তর না আসে, তাহলে আইনি পদক্ষেপের পথেই হাঁটবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
উল্লেখ্য, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই ওই ভবন ফেরত চেয়ে আসছেন মন্টু সাহা। তাঁর দাবি, তৃণমূলের সঙ্গে ভাড়ার চুক্তির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভবনটির নিরাপত্তা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
তপসিয়ার পুরনো তৃণমূল ভবনে সংস্কারের কাজ শুরু হওয়ার পর কয়েক বছর আগে মেট্রোপলিটনের এই বহুতলটি ভাড়া নেয় তৃণমূল। মন্টু সাহার দাবি, বাড়ি ছাড়ার জন্য দলকে যথেষ্ট সময়ও দেওয়া হয়েছে। ভাড়ার সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হলেও এখনও পর্যন্ত ভবন খালি করার বিষয়ে কোনও স্পষ্ট বার্তা পাওয়া যায়নি।
বাড়ির মালিকের ছেলে অমিত সাহা বলেন, ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই তাঁরা এখন নিজেদের সম্পত্তি ফেরত চান। কিন্তু দলের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তিনি আবেদন জানিয়ে বলেন, তাঁদের বাড়ি যেন দ্রুত ফিরিয়ে দেওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল ভবনের ভবিষ্যৎ এবং ভবন ছাড়ার বিষয়ে দল কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর সকলের।











