প্রায় দুই দশক পর কলকাতায় এলেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। শুক্রবার দুপুর প্রায় বারোটা পঞ্চাশ মিনিটে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছন। সেখানে উপস্থিত অনুরাগীরা শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। শহরে পা রেখেই হাসিমুখে তসলিমা বলেন, তাঁর খুব ভালো লাগছে।
কলকাতায় পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।’ সেই পোস্টের পর থেকেই তাঁর কলকাতা সফর নিয়ে আগ্রহ তৈরি হয়।
বিমানবন্দরে পৌঁছানোর পর শুভেচ্ছা গ্রহণ করেন তসলিমা (Taslima Nasrin)। দীর্ঘ সময় পর কলকাতায় ফিরে তিনি যে আবেগাপ্লুত, তা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট ছিল। শনিবার রবীন্দ্রসদনে মৌলবাদবিরোধী কবি-সাহিত্যিকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ওই অনুষ্ঠানের আয়োজন করেছে সেক্যুলার মিশন ও এইচআরবিএফএফ।
উল্লেখ্য, দুই হাজার সাত সালে তসলিমা নাসরিনের (Taslima Nasrin) একটি বইকে কেন্দ্র করে কলকাতায় বিতর্ক এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় আইনশৃঙ্খলার পরিস্থিতির জেরে তাঁকে কলকাতা ছাড়তে হয়েছিল। এরপর দীর্ঘ সময় তিনি শহরে ফেরেননি। প্রায় দুই দশক পর তাঁর এই সফর তাই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সাহিত্যপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এই প্রত্যাবর্তন নিয়ে আগ্রহ দেখা গিয়েছে।











