আবারও বৃষ্টির দাপটে ভিজতে চলেছে কলকাতা-সহ গোটা বাংলা। গত সপ্তাহে টানা বৃষ্টিতে শহরের বহু এলাকা জলমগ্ন হয়েছিল (Weather Update)। সেই পরিস্থিতি কাটতে না কাটতেই নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার সঙ্গে উত্তর বাংলাদেশ এবং উত্তর-পূর্ব বিহারের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে সপ্তাহজুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে (Weather Update)।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে (Weather Update)। পাশাপাশি হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার হয়ে অসমের দক্ষিণ প্রান্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। উত্তর-পূর্ব বিহার ও আশপাশের এলাকাতেও আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই বাংলাজুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
সোমবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে (Weather Update)। ঘণ্টায় প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও সোমবার সব জেলাতেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)। মঙ্গলবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও শুক্রবার আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ এবং সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি, জল জমা এবং যাতায়াতে সমস্যার আশঙ্কা থেকেই যাচ্ছে।













