উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস, আগামী ৩ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩ তারিখ থেকে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Weather Update)। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে এক বা দুই দফা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
শনিবার থেকে কলকাতায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে (Weather Update)। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন প্রায় সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। একই সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শনিবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)। একই দিনে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে সেখানে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।












