রথযাত্রার আগে ফের বদলাচ্ছে আবহাওয়া। মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নিয়ে নতুন সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর (Weather Update)। রবিবার মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বৃহস্পতিবার রথযাত্রার দিন ফের বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশ ও উত্তর-পশ্চিম বিহারে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে (Weather Update)। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখাও তৈরি হয়েছে। তার প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। সোমবার ও মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলবে। বুধবার আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও বৃহস্পতিবার আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সেদিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হতে পারে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Weather Update)।
রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। মঙ্গলবার ও বুধবার তুলনামূলকভাবে বৃষ্টি কম হলেও বৃহস্পতিবার এবং শুক্রবার ফের বৃষ্টির দাপট বাড়তে পারে (Weather Update)।
উত্তরবঙ্গেও জারি হয়েছে কড়া সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। অতিভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।













