Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ইস্কনের হাতে স্কুলের খাবার, এবার কি ডিম পাবে না পড়ুয়ারা? মুখ খুললেন কুণাল
রাজ্য

ইস্কনের হাতে স্কুলের খাবার, এবার কি ডিম পাবে না পড়ুয়ারা? মুখ খুললেন কুণাল

kunal ghosh
Email :8

কলকাতা পুর এলাকার স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্ব ইস্কনের হাতে তুলে দেওয়ার ঘোষণার পর থেকেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে পড়ুয়াদের খাবারের তালিকায় ডিম থাকবে কি না, তা নিয়ে। এই বিতর্কের মাঝেই বিধানসভায় বিষয়টি নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বুধবার বাজেট আলোচনা চলাকালীন কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ইস্কনের খাবার ও প্রসাদ বহু মানুষ পছন্দ করেন এবং তিনি নিজেও তা খান। তবে স্কুলপড়ুয়াদের ক্ষেত্রে ডিমের আলাদা গুরুত্ব রয়েছে। তাঁর মতে, ডিম শুধু পুষ্টির উৎস নয়, অনেক শিশুর কাছে এটি প্রিয় খাবারও। অনেক সময় পড়ুয়ারা খাবার খেতে না চাইলেও ডিমের আকর্ষণে খেয়ে নেয়। তাই মিড-ডে মিল পুরোপুরি নিরামিষ হয়ে গেলে অনেক শিশুর আগ্রহ কমে যেতে পারে বলে মত প্রকাশ করেন তিনি (Kunal Ghosh)।

অন্যদিকে, ইস্কনকে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়ার পর সমাজমাধ্যমে বিভিন্ন ধরনের খাবারের তালিকা ঘুরতে শুরু করেছে। সেই তালিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় বিষয়টি স্পষ্ট করেছেন ইস্কন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত মেনু নির্ধারণ করা হয়নি। সমাজমাধ্যমে যে তালিকাগুলি ঘুরছে, সেগুলি ইস্কনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

তিনি আরও জানান, পড়ুয়াদের জন্য কী ধরনের খাবার পরিবেশন করা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কাজ চলছে। চূড়ান্ত মেনু তৈরি হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। ফলে ডিম থাকবে কি না, তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

ইস্কনের হাতে মিড-ডে মিলের দায়িত্ব যাওয়ার পর থেকে এই বিষয়টি রাজ্যের শিক্ষামহল ও অভিভাবকদের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এখন সকলের নজর চূড়ান্ত খাবারের তালিকার দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts