আগামীকাল বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। তার আগে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। তিনি জানান, নির্বাচন সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। ওই নম্বরে ফোন করে সরাসরি কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে (Election Commission)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়েও মন্তব্য করেন। জানান, ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তির পর ১৪৬৮ জনের নাম নতুন করে যুক্ত হয়েছে চূড়ান্ত তালিকায়। অন্যদিকে ৬ জনের নাম বাদ দেওয়া হয়েছে (Election Commission)।
আইনশৃঙ্খলা বজায় রাখতে কমিশন যে কঠোর অবস্থানে রয়েছে, তাও স্পষ্ট করেন তিনি। বলেন, কমিশনের কাজ ভোটার তালিকা তৈরি করা এবং অভিযোগ পেলে তা পুলিশের কাছে পাঠানো। এরপর তদন্তের দায়িত্ব পুলিশের। ভোটের দিন কোনও গোলমাল হলে তা দেখবে প্রশাসন (Election Commission)।
তিনি আরও জানান, কেউ যদি হুমকি পান বা কোনও সমস্যা হয়, তাহলে সঙ্গে সঙ্গে টোল ফ্রি নম্বরে অভিযোগ করতে পারেন। কমিশনের পক্ষ থেকে সেই অভিযোগ দ্রুত পুলিশের কাছে পাঠানো হবে এবং যেখানে প্রয়োজন সেখানে কড়া নজরদারি করা হবে (Election Commission)।
এদিকে ভোটের আগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এক পুলিশ পর্যবেক্ষককে ঘিরে। উত্তরপ্রদেশের এক আইপিএস অফিসারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় এক প্রার্থীকে সতর্ক করার একটি ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।










