শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের (Chandranath Rath Murder) অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যমগ্রাম। গভীর রাতে একে একে সেখানে পৌঁছন বিজেপির শীর্ষ নেতারা। ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী নিজেও। দীর্ঘদিন ধরে শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন চন্দ্রনাথ (Chandranath Rath Murder)। তাঁর মৃত্যুর ঘটনায় বিজেপি শিবিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
এই ঘটনার পর রাতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস। দলের তরফে এই খুনের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। একই সঙ্গে তৃণমূল দাবি করেছে, ভোট পরবর্তী হিংসায় গত কয়েক দিনে তিনজন তৃণমূল কর্মীরও মৃত্যু হয়েছে। অভিযোগ করা হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটাচ্ছে।
তৃণমূলের বার্তায় বলা হয়েছে, এই ঘটনার (Chandranath Rath Murder) দ্রুত ও কড়া তদন্ত হওয়া প্রয়োজন। আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি স্পষ্টভাবে বলা হয়েছে, গণতন্ত্রে রাজনৈতিক হিংসা ও খুনের কোনও জায়গা নেই। দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলেছে শাসকদল।
এদিকে চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, এই ঘটনা আসলে বিজেপিকে ভয় দেখানোর চেষ্টা। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীকে খুন করে রাজনৈতিক বার্তা দিতে চাইছে তৃণমূল। শমীকের বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যে।







