দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহকারীকে হারানোর শোক এখনও কাটেনি। ভোটের ফল প্রকাশের মাত্র দু’দিন পরই আততায়ীদের গুলিতে খুন হন চন্দ্রনাথ রথ। রবিবার তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের দিন চণ্ডীপুরে নিহত সহকারীর বাড়িতে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখানে গিয়ে প্রথমে চন্দ্রনাথের ছবিতে মাল্যদান করেন তিনি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
গত ৬ মে মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। চারটি গুলি তাঁর পেট, বুক এবং মাথায় লাগে বলে জানা যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় আহত হন গাড়ির চালকও। দিনের আলোয় এমন হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে (CM Suvendu Adhikari)।
ঘটনার তদন্তে রাজ্য পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হামলাকারীরা পালানোর সময় ইউপিআইয়ের মাধ্যমে বালি টোলপ্লাজায় টাকা দিয়েছিল। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীরা উত্তরপ্রদেশে পৌঁছন। পরে উত্তরপ্রদেশ থেকে দু’জন এবং বক্সার এলাকা থেকে এক শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, কার নির্দেশে এই খুন করা হয়েছিল এবং কারা সুপারি দিয়েছিল। পরে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
রবিবার চন্দ্রনাথের বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, চন্দ্রনাথের মৃত্যুর পর থেকেই তাঁর পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছিলেন শুভেন্দু।












