তৃণমূলে একের পর এক নেতার শিবির বদলের মধ্যেই কর্মীদের উদ্দেশে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিদ্রোহী শিবিরে যাওয়া নেতাদের ফের ‘বেইমান’ বলে আক্রমণ করে তিনি জানান, তাঁদের জন্য তিনি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে স্পষ্ট করে দেন, প্রয়োজন হলে আবারও শূন্য থেকে দল গড়ে লড়াই করার ক্ষমতা তাঁর রয়েছে।
বুধবার সমাজমাধ্যমে দেওয়া বার্তায় মমতা (Mamata Banerjee) বলেন, মানুষ দলের প্রতীক দেখে ভোট দিয়েছেন। তাই যারা দল ছেড়ে চলে যাচ্ছেন, তাঁদের জন্য তিনি দুঃখিত। তিনি মনে করিয়ে দেন, দল গঠনের সময়ও তিনি একা লড়াই করেছিলেন। সেই সময় যেমন লড়াই করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তেমনই আগামী দিনেও নতুন করে শুরু করার সাহস ও ক্ষমতা তাঁর রয়েছে।
সম্প্রতি তৃণমূলে ভাঙন আরও বেড়েছে। বুধবার বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন দীর্ঘদিনের নেতা মদন মিত্র। তিনি দাবি করেছেন, দলের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, অভিষেককে অযথা দোষারোপ করা হচ্ছে। তাঁর কথায়, অভিষেক নিজের ভুল শুধরে নিয়ে কাজ করে চলেছেন এবং আগামী বহু বছর দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন।
মদনের (Mamata Banerjee) দলত্যাগ নিয়ে নাম না করেই মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিস দেখিয়ে অনেককে ভয় দেখানো হচ্ছে। পরিবারের সদস্যদেরও চাপের মুখে ফেলা হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, এই পরিস্থিতিতে অনেকেই বাধ্য হয়ে শিবির বদল করছেন।
দলের শুরুর দিনের কথা স্মরণ করে মমতা বলেন, অল্প সময়ের মধ্যেই দল গড়ে নির্বাচনে লড়াই করেছিলেন তাঁরা। নানা প্রতিকূলতার মধ্যেও দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, আবারও প্রয়োজনে শূন্য থেকে শুরু করবেন।
এ বছর একুশে জুলাইয়ের সমাবেশ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে হবে বলেও জানান মমতা। আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যেই সভা হবে বলে তিনি জানান। পাশাপাশি প্রশাসনের কাছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আবেদনও করেন। তাঁর কথায়, কোনও বাধা এলেও সভা বন্ধ হবে না। প্রয়োজন হলে মাইক্রোফোন ছাড়াই কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।













