গরুপাচার মামলায় দীর্ঘ সময় জেলবন্দি থাকার পর এবার প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বুধবার ঋতব্রত শিবিরের বৈঠকে প্রথমবার যোগ দেওয়ার আগে তিনি দাবি করেন, তাঁর জেলযাত্রার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, আগামী দিনে তৃণমূলে আর কেউ থাকবে না, দল পুরোপুরি ভেঙে যাবে।
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আরও দাবি, একসময় বীরভূম থেকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আসত। পরে কয়লা সংক্রান্ত বিষয়ে প্রতিদিন বিপুল অঙ্কের টাকা দিতে হত বলেও অভিযোগ করেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
দীর্ঘদিন বীরভূমে তৃণমূলের সংগঠনের প্রধান মুখ ছিলেন অনুব্রত (Anubrata Mondal)। তাঁর নেতৃত্বেই জেলায় দলের সংগঠন শক্তিশালী হয়েছিল। গরুপাচার মামলায় জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পরও তিনি জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। পরে দলের অন্দরে গোষ্ঠীকোন্দল বাড়তে থাকায় জেলা পরিচালনার জন্য কোর কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে সদস্য হিসেবে রাখা হলেও আগের মতো দায়িত্ব ছিল না অনুব্রতের। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই সময় থেকেই তাঁর ক্ষোভ বাড়তে শুরু করে।
ছাব্বিশের নির্বাচনের পর দলের ভরাডুবির মাঝেই তৃণমূলে ভাঙন শুরু হয়। প্রথমদিকে অনুব্রত (Anubrata Mondal) জানিয়েছিলেন, তিনি দলকে ভালোবেসেই কাজ করবেন। কিন্তু পরে তাঁর অবস্থান বদলাতে শুরু করে। অবশেষে গত এগারো জুলাই তাঁকে ঋতব্রত শিবিরের পক্ষ থেকে বীরভূম জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বুধবার সেই শিবিরের বৈঠকেও যোগ দেন তিনি। বৈঠকে যোগ দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তাঁর বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে।













