ভোটের আবহে ফের উত্তপ্ত কলকাতা। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ট্যাংরা এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার রাত প্রায় সোয়া ন’টা নাগাদ পুলিন খাটিক রোডে এই ঘটনা ঘটে। অভিযোগ, একই পরিবারের তিন সদস্যের উপর হামলা চালানো হয় (Tangra Clash)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা বিক্রম খাটিক প্রতিদিনের মতো নিজের বাড়ির সামনে গাড়ি রাখতেন। কিন্তু মঙ্গলবার সেখানে অন্য একটি গাড়ি রাখা ছিল (Tangra Clash)। সেই গাড়ি সরাতে বলতেই বচসা শুরু হয়। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মিলে বিক্রম খাটিক ও তাঁর পরিবারের উপর হামলা চালায়।
এই হামলায় গুরুতর জখম হন বিক্রম খাটিক (Tangra Clash), সাবিত্রী খাটিক এবং সানি খাটিক। তাঁদের লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আহতদের দ্রুত উদ্ধার করে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, হামলাকারীরা বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুরও চালায়।
বিক্রমবাবুর স্ত্রী প্রীতি খাটিক দাবি করেছেন, হামলাকারীরা এলাকার শাসক দলের সঙ্গে যুক্ত। তিনি আরও অভিযোগ করেন, তাঁদের মধ্যে অনেকেই মাদক কারবারের সঙ্গে জড়িত। এর আগেও থানায় অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি (Tangra Clash)।
পরিবারের দাবি, তারাও ওই দলের সমর্থক হিসেবেই পরিচিত। এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। বিক্রম খাটিক জানিয়েছেন, তাঁকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং তিনি নিরাপত্তার দাবি জানিয়েছেন।
এই ঘটনায় ট্যাংরা থানায় মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ভোটের আগে এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।













