Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের ভরাডুবি নিয়ে বিস্ফোরক কল্যাণ, “আইপ্যাকই সর্বনাশ করেছে”
রাজ্য

তৃণমূলের ভরাডুবি নিয়ে বিস্ফোরক কল্যাণ, “আইপ্যাকই সর্বনাশ করেছে”

kalyan banerjee
Email :3

রাজ্যে সরকার বদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে চাপা ক্ষোভ ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে। দলের একাধিক নেতা ইতিমধ্যেই ‘কর্পোরেট কালচার’ এবং নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার দলের ভরাডুবি নিয়ে মুখ খুললেন তৃণমূলের প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, “উত্থান হলে পতন হবেই। ক্ষমতা হাতে এলে মানুষ অনেক সময় অন্ধ হয়ে যায়। আমিত্ব বাড়লে অন্ধকারও নেমে আসে। আমরা ভাল ছিলাম না বলেই হয়তো মানুষ আমাদের সরিয়ে দিয়েছে।”

২০০১ সাল থেকে বিধায়ক এবং ২০০৯ সাল থেকে টানা চারবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। দলের উত্থান থেকে ক্ষমতায় আসা— সবকিছুরই সাক্ষী তিনি। তাই দলের এই পরাজয় নিয়ে তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

দলের প্রার্থী নির্বাচন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি (Kalyan Banerjee)। কল্যাণ বলেন, “রণকৌশলে কোনও ভুল ছিল না। যাঁরা অযোগ্য ছিলেন, তাঁদের বাদ দেওয়া হয়েছিল। কিন্তু যাঁরা টিকিট পাননি, তাঁরাই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলের ক্ষতি করেছেন।”

তৃণমূলের ভরাডুবির নেপথ্যে আইপ্যাকের ভূমিকাকেও বড় কারণ হিসেবে তুলে ধরেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “২০২১ সাল থেকেই বলে আসছি, আইপ্যাক একটা বড় সমস্যা। ওদের লোকজনই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সংগঠনের দুর্বলতার পিছনে সবচেয়ে বড় কারণ আইপ্যাক।”

একুশের ভোটকুশলী প্রশান্ত কিশোরকেও আক্রমণ করেছেন কল্যাণ। তিনি বলেন, “প্রশান্ত কিশোর সুযোগসন্ধানী। উনি থাকলে দলটাই শেষ হয়ে যেত। এই ধরনের লোকেরা দেশের রাজনৈতিক দলগুলোর কাঠামো নষ্ট করেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের নেতারাও তাঁদের উপর ভরসা করেছিলেন।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গেও মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অভিষেকের অনেক বুদ্ধি আছে। তবে পরিবর্তন আনা দরকার।”

রাজ্যে তৃণমূলের পরাজয়ের পর দলের অন্দরে যে অসন্তোষ বাড়ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে তা আরও স্পষ্ট হয়ে উঠল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts