শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ খুনের (Chandranath Rath Murder) ঘটনায় একের পর এক নতুন প্রশ্ন সামনে আসছে। কারা এই হামলার পিছনে, কেনই বা তাঁকে টার্গেট করা হল, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। তবে ঘটনার তদন্তে নেমে খুনের গাড়ির নম্বর প্লেট ঘিরে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ। সামনে এসেছে শিলিগুড়ি যোগও।
বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় গাড়ি থামিয়ে খুব কাছ থেকে গুলি করা হয় চন্দ্রনাথ রথকে (Chandranath Rath Murder)। গাড়ির কাচ ভেদ করে একের পর এক গুলি লাগে তাঁর শরীরে। বিশেষ করে বুকে এবং হৃদযন্ত্রের কাছে গুলি লাগায় তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, একটি গাড়িতে এসে প্রথমে চন্দ্রনাথের গাড়ি আটকে দেওয়া হয়। এরপর দুষ্কৃতীরা গুলি চালিয়ে বাইকে চেপে পালিয়ে যায়। ঘটনাস্থলে যে গাড়িটি পাওয়া যায়, সেটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করে পুলিশ। নম্বর প্লেট পরীক্ষা করতেই বেরিয়ে আসে এক অন্য তথ্য (Chandranath Rath Murder)।
আরটিও সূত্রে জানা যায়, ওই নম্বরের গাড়ির মালিক জোসেফ ইউলিয়ামস নামে এক ব্যক্তি। তিনি শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার বাসিন্দা। পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাঁর গাড়ি তাঁর কাছেই রয়েছে এবং সেটি কোথাও যায়নি। এরপর তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্তে পরে পুলিশ জানতে পারে, জোসেফ তাঁর গাড়ি বিক্রির জন্য ওএলএক্সে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেখানে গাড়ির নম্বর প্লেটের ছবিও ছিল। পুলিশ মনে করছে, সেখান থেকেই নম্বর সংগ্রহ করে নকল নম্বর প্লেট তৈরি করা হয়েছে। কারণ খুনে ব্যবহৃত গাড়ির রং এবং মডেলও আসল গাড়ির সঙ্গে প্রায় হুবহু মিলে যায়। ফলে পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে বলে সন্দেহ আরও জোরালো হচ্ছে তদন্তকারীদের মধ্যে।






