তারাতলার মর্মান্তিক বিপর্যয়ের পর নির্মাণ সংক্রান্ত নিয়ম আরও কঠোর করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)জানিয়েছেন, অডিট শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট এলাকায় কোনও নির্মীয়মাণ বাণিজ্যিক ভবনের কাজ শুরু করা যাবে না। ইতিমধ্যেই যে এলাকাগুলিকে অডিটের আওতায় আনা হয়েছিল, সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে দক্ষিণ দমদম, বরানগর এবং কামারহাটি পুরসভা।
শুক্রবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) জানান, তারাতলায় এখনও উদ্ধার অভিযান চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নেতৃত্ব দিচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে রাতের মধ্যেই উদ্ধার অভিযান শেষ হতে পারে বলে তাঁকে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) বলেন, নির্মীয়মাণ বহুতলের অডিট তিনটি ধাপে করা হবে। প্রথম ধাপে গুরুতর অনিয়ম থাকলে নির্মাণের অনুমোদন বাতিল হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হবে। আর সমস্ত নিয়ম মেনে চললে নির্মাণের ছাড়পত্র দেওয়া হবে। তিনি স্পষ্ট জানান, একত্রিশে জুলাই পর্যন্ত নির্দিষ্ট এলাকায় নির্মীয়মাণ বাণিজ্যিক ভবনের অডিট চলবে। তবে বসতবাড়ির সংস্কারের কাজ এই নিয়মের বাইরে থাকবে।
তিনি (CM Suvendu Adhikari) আরও জানান, প্রতিটি নির্মীয়মাণ ভবনের নকশা, নির্মাণের মান এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। অডিটে অনুমোদন পাওয়ার পরই আবার নির্মাণকাজ শুরু করা যাবে। আগামী তিন মাসের মধ্যে সমস্ত বহুতলের অগ্নি নিরাপত্তা পরীক্ষাও সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) অভিযোগ, তারাতলার নির্মাণকাজে কোনও কার্যকর নজরদারি ছিল না। তাই ভবিষ্যতে কোনও নির্মাণ সংস্থা বা সংশ্লিষ্ট ব্যক্তি নিয়ম ভাঙলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কালো তালিকাভুক্তও করা হবে বলে তিনি জানিয়েছেন।
তিনি সাধারণ মানুষের উদ্দেশে আবেদন করে বলেন, বাড়ির নকশা বা নির্মাণ অনুমোদন নিয়ে কোনও ধরনের দুর্নীতির অভিযোগ থাকলে সরাসরি থানায় অভিযোগ দায়ের করুন। সরকার সেই অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী আগের সরকারের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম কেনা হয়নি। আগামী দুই মাসের মধ্যে সেই সমস্ত সরঞ্জাম সংগ্রহ করা হবে বলেও তিনি জানিয়েছেন।













