উত্তরপাড়ার নির্বাচনী সভা থেকে আবারও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন তিনি। অমিত শাহকে কটাক্ষ করে মমতা (Mamata Banerjee) অভিযোগ করেন, নন্দীগ্রামে সিআরপিএফ ব্যবহার করে ভোটে প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছিল। তাঁর দাবি, ভোট ধীর করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারেন।
মমতা (Mamata Banerjee) আরও বলেন, ভবানীপুরে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তিনি এসবকে গুরুত্ব দেন না। তাঁর অভিযোগ, ভবানীপুর এলাকায় বিজেপি বহিরাগতদের ঢুকিয়েছে এবং বাসে করে লোক আনা হয়েছে।
এদিন তিনি আরও দাবি করেন, দ্বিতীয় দফার ভোটের আগে বিজেপির বহু হেলিকপ্টার আকাশে উড়ছে, অথচ তৃণমূলের পক্ষে তা সম্ভব হচ্ছে না। বিভিন্ন প্রকল্পের ফর্ম বিলি নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, ভোটের পর সেই সব ফর্ম বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যাচ্ছে (Mamata Banerjee)।
মমতার বক্তব্য, অন্য রাজ্যের মানুষ বাংলার মানুষকে সতর্ক করছেন যাতে তারা ভুল সিদ্ধান্ত না নেয়। তিনি অভিযোগ করেন, ভোটের পর জিনিসপত্র কেড়ে নেওয়া হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, ভোটের পরে জ্বালানির দাম আবার বাড়তে পারে।
তিনি আরও অভিযোগ করেন, দেশে কৃষকদের অবস্থা খারাপ, শ্রমিকদের কাজ নেই। পরিযায়ী শ্রমিকদের ধর্মের নামে প্রভাবিত করে ভোট দিতে বলা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এমনকি বিনা খরচে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।
বিজেপিকে ‘হানাদার’ বলে আক্রমণ করে তিনি বলেন, আর কোনও কৌশল বা ফাঁকি চলবে না। প্রথম দফায় বেশি ভোট পড়ার জন্য ভয়ের পরিবেশকে দায়ী করেন তিনি। পাশাপাশি বিজেপিকে বাঙালি-বিরোধী দল বলেও মন্তব্য করেন মমতা।













