বঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করাতে এবার আরও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। মার্চ মাস থেকেই রাজ্যে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী, বিশেষ পুলিশ আধিকারিক এবং পর্যবেক্ষক— সব মিলিয়ে গোটা রাজ্য কার্যত কড়া নজরদারির আওতায়। ইতিমধ্যেই প্রথম দফার ভোট মোটামুটি শান্তিতেই সম্পন্ন হয়েছে। আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটের আগে নতুন করে ১১ জন পুলিশ পর্যবেক্ষক পাঠানো হয়েছে।
এই নতুন তালিকাতেই নজর কেড়েছে এক নাম (Election Commission)। তিনি অজয় পাল শর্মা, উত্তরপ্রদেশের এক আইপিএস অফিসার। তাঁকে দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, এমন কড়া স্বভাবের অফিসারকে এই জেলায় কেন পাঠানো হল।
অজয় পাল শর্মা পেশায় একজন অভিজ্ঞ পুলিশ আধিকারিক। তিনি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করে পরে পুলিশ সার্ভিসে যোগ দেন। বর্তমানে প্রয়াগরাজে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি পরিচিত। বিভিন্ন জেলায় কাজ করার সময় অপরাধ দমনে তাঁর ভূমিকা বিশেষভাবে নজরে এসেছে। সেই কারণেই তাঁকে অনেকেই ‘সিংঘম’ নামে চেনেন (Election Commission)।
কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ মনে করছেন, দক্ষিণ ২৪ পরগনায় অশান্তির আশঙ্কা থেকেই এই পদক্ষেপ। আবার শাসকদলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, এত কড়া অফিসার পাঠানোর অর্থ কি কমিশন আগেই অশান্তির আশঙ্কা করছে।
দ্বিতীয় দফার ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই পরিস্থিতিতে কমিশনের এই পদক্ষেপ যে বড় বার্তা দিচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।












