চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ তাঁর বিদেশযাত্রার আবেদন খারিজ করেছিল। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে না গিয়ে সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী তিন অগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা।
সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে অভিষেক (Abhishek Banerjee) জানিয়েছেন, ডিজে মামলায় আদালতের নির্দেশ মেনে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। কণ্ঠস্বরের নমুনাও জমা দিয়েছেন। তারপরও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি মিলছে না। তাঁর দাবি, চিকিৎসার প্রয়োজন থাকা সত্ত্বেও আবেদন মঞ্জুর না হওয়ায় বাধ্য হয়েই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
গত কুড়ি জুলাই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন, আগে রাজ্যের চিকিৎসকদের মতামত জানা প্রয়োজন। তিনি প্রশ্ন তোলেন, কলকাতায় চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও কেন বিদেশে যেতে হবে। আদালত জানায়, একটি চিকিৎসক বোর্ড গঠন করা হোক। সেই বোর্ড যদি মনে করে বিদেশে চিকিৎসা করানো জরুরি, তাহলে আদালত বিষয়টি বিবেচনা করবে।
শুনানিতে রাজ্যের পক্ষ থেকেও বিদেশযাত্রার আবেদনের বিরোধিতা করা হয়। রাজ্যের আইনজীবীর দাবি ছিল, শুধু ডিজে মামলা নয়, আরও একাধিক মামলায় অভিষেকের নাম রয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা তৈরি হতে পারে। পরে হাইকোর্টের একক বেঞ্চ তাঁর আইনি সুরক্ষা ছয় অক্টোবর পর্যন্ত বাড়ালেও বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি (Abhishek Banerjee)।
এরপর সেই নির্দেশকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ না করে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক। ফলে এখন এই মামলার দিকে নজর রাজনৈতিক মহলের পাশাপাশি আইনজীবীদেরও।
উল্লেখ্য, দুই হাজার ষোলো সালের উনিশ অক্টোবর মুর্শিদাবাদ থেকে ফেরার পথে সিঙ্গুরের কাছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নীচের হাড় ভেঙে যায়। তারপর থেকে চোখের সমস্যার জন্য একাধিকবার অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। এর আগে চিকিৎসার জন্য হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও গিয়েছেন তিনি। এবারও সেই চিকিৎসার প্রয়োজনেই বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক।











