বীরভূমের সিউড়িতে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের (Tulu Mondal) বাড়িতে পুলিশের তল্লাশি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সুভাষপল্লিতে থাকা তাঁর চারতলা বিলাসবহুল বাড়ির অন্দরসজ্জা এবং নানা আধুনিক ব্যবস্থাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তদন্তের স্বার্থে সেখানে পুলিশের তল্লাশি চললেও এখনও পর্যন্ত ওই বাড়ি থেকে নগদ টাকা বা সোনা উদ্ধারের কোনও সরকারি তথ্য সামনে আসেনি।
বাড়ির প্রধান ফটক পেরোলেই চোখে পড়ে বড় সাজানো বাগান (Tulu Mondal)। বিদেশি ও বাহারি গাছ, পরিচ্ছন্ন লন এবং সারিবদ্ধ গাছপালায় গোটা এলাকা সাজানো। চারতলা বাড়ির এক তলা থেকে অন্য তলায় ওঠানামার জন্য রয়েছে লিফট। বাড়ির ভিতরে রয়েছে আধুনিক শরীরচর্চার ঘর, ব্যক্তিগত সিনেমা দেখার ব্যবস্থা এবং সুইমিং পুল। মার্বেল পাথরে তৈরি মেঝে, আকর্ষণীয় আলো এবং সুসজ্জিত অন্দরমহল বাড়িটিকে আরও নজরকাড়া করে তুলেছে।
বাড়িতে (Tulu Mondal) একাধিক গ্যারেজ রয়েছে। সেখানে রাখা রয়েছে দামি গাড়ি। এছাড়া সিউড়ির পাশাপাশি মহম্মদবাজার এলাকাতেও টুলু মণ্ডলের ব্যবসা সংক্রান্ত পরিকাঠামো রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল নগদের উৎস খতিয়ে দেখতেই টুলু মণ্ডলের (Tulu Mondal) একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। সুভাষপল্লির বাড়িতেও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন। তদন্তকারীদের সঙ্গে স্বর্ণকারও সেখানে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাড়ি থেকে সোনা বা নগদ টাকা উদ্ধারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। তদন্ত এখনও চলছে।













