দিন দিন বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে অভিযোগের চাপ। এবার তাঁর বিরুদ্ধে আমফানের ত্রাণ বণ্টন নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।
অভিযোগে দাবি করা হয়েছে, বজবজ দুই নম্বর ব্লকে প্রায় ৩০ কোটি টাকার ত্রাণ দুর্নীতি হয়েছে। বিজেপি নেতার অভিযোগ, ভুয়ো নথি তৈরি করে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং সমস্ত তথ্য পুলিশকে জমা দেওয়া হয়েছে।
২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আমফানে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের অর্থ পাঠিয়েছিল। সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের জন্য ২০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের জন্য ৫ হাজার টাকা করে বরাদ্দ করা হয় (Abhishek Banerjee)।
অভিজিৎ দাসের দাবি, একই ফোন নম্বর ব্যবহার করে বিভিন্ন এলাকার একাধিক ব্যক্তিকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। অথচ প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেকেই সেই অর্থ পাননি। তাঁর অভিযোগ, এই অনিয়ম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সুপারিশে হয়েছে।
এই অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূল অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি তৎকালীন অতিরিক্ত জেলাশাসক, বিডিও, এসডিও, স্থানীয় তৃণমূল নেতৃত্ব, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়েছে।
এদিকে একই দিনে বিষ্ণুপুর থানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ সর্দার হুমকির অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
সম্প্রতি আমতলায় তৃণমূল পার্টি অফিস ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “যে আইনে পার্টি অফিস ভাঙা হয়েছে, সরকার বদলালে বিজেপির একটাও অফিস থাকবে না।” এই মন্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে হুমকির অভিযোগ দায়ের করা হয়েছে।











