পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটের সময় কেতন হত্যার ঘটনায় তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসছে (Maharashtra Murder)। গোটা দেশজুড়ে চাঞ্চল্য ছড়ানো এই মামলায় বৃহস্পতিবার অভিযুক্ত সিয়া গোয়েলকে সেই জায়গায় নিয়ে যায় পুলিশ, যেখানে খুনের আগে মহড়া দেওয়া হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। একই সঙ্গে জানা গিয়েছে, সত্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিতেও সম্মতি জানিয়েছেন সিয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গের উঁচু পাহাড় থেকে কীভাবে ধাক্কা দিলে মৃত্যু নিশ্চিত হতে পারে, তা একাধিকবার অনুশীলন করেছিলেন সিয়া (Maharashtra Murder)। ইতিমধ্যেই ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। তদন্তের স্বার্থে সিয়ার বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহস্পতিবার সেই মহড়ার স্থানেও সিয়াকে নিয়ে গিয়ে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন তদন্তকারীরা।
তদন্তে আরও জানা গিয়েছে, সিয়া পলিগ্রাফ পরীক্ষায় অংশ নিতে সম্মতি দিয়েছেন (Maharashtra Murder)। এই পরীক্ষায় কোনও ব্যক্তির বক্তব্যের সঙ্গে তাঁর শারীরিক প্রতিক্রিয়ার মিল খতিয়ে দেখা হয়। প্রশ্নের উত্তর দেওয়ার সময় রক্তচাপ, হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস এবং ঘামের মাত্রার মতো বিভিন্ন শারীরিক পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়। আইন অনুযায়ী, এই পরীক্ষা করার জন্য অভিযুক্তের সম্মতি প্রয়োজন।
তদন্তে উঠে এসেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সিয়া এবং কেতনের বাগদান হয়েছিল (Maharashtra Murder)। আগামী নভেম্বরে তাঁদের বিয়ের দিনও ঠিক ছিল। তবে পরে সিয়া বিয়ে করতে না চাইলেও পরিবারের চাপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেননি বলে দাবি করেছেন। তদন্তকারীদের অভিযোগ, সেই কারণেই প্রায় এক মাস ধরে পরিকল্পনা করে কেতনকে খুনের ছক কষেন তিনি। এই ঘটনায় সিয়ার প্রেমিক চেতনেরও জড়িত থাকার অভিযোগ উঠেছে। দু’জনকেই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ঘটনাস্থলে নিয়ে গিয়ে খুনের পুরো পরিকল্পনা এবং ঘটনার ধারাবাহিকতা খতিয়ে দেখছে পুলিশ।










