বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল বাংলার রাজনীতি। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে অপ্রিয় পরিস্থিতি তৈরি করার চেষ্টা হতে পারে (WB Election)। দলের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইডি, সিবিআই এবং এনআইএ-র শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন। সেই কারণেই আগামী ১৫০ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সতর্ক করেছে তৃণমূল।
সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান, দক্ষিণবঙ্গকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে (WB Election)। তাঁদের আশঙ্কা, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে কোনও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। এর ফলে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।
শশী পাঁজা বলেন, বিজেপি বাংলায় বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, রাজ্যের উন্নয়নমূলক কাজ থামিয়ে দিতে নানা পরিকল্পনা করা হচ্ছে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলির শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকের পর থেকেই সন্দেহ আরও বেড়েছে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছে তৃণমূল (WB Election)।
তৃণমূলের আরও দাবি, একজন নেত্রীকে হারানোর জন্য কেন্দ্রীয় স্তরের একাধিক শক্তি একসঙ্গে নামানো হয়েছে। তাঁদের মতে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সংস্থা এবং বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী—সব মিলিয়ে একটি বড় পরিকল্পনা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভোটের আগে কী ঘটে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।












