Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত! ৩১ জুলাই পর্যন্ত বন্ধ সব নির্মাণকাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য

তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত! ৩১ জুলাই পর্যন্ত বন্ধ সব নির্মাণকাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

taratala accident 2 edit
Email :6

তারাতলার (Taratala) ভয়াবহ গুদাম ধসের ঘটনার পর বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ৩১ জুলাই পর্যন্ত নির্মীয়মাণ বাণিজ্যিক ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে সমস্ত নির্মীয়মাণ ভবনের স্বাস্থ্যপরীক্ষা করা হবে। রিপোর্টে সবুজ সংকেত মিললেই ফের শুরু হবে নির্মাণকাজ (Taratala)।

বুধবার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কলকাতা পুর এলাকার বাণিজ্যিক নির্মাণগুলির উপর বিশেষ নজরদারি চালানো হবে। পূর্ত দফতর, সিভিল ডিফেন্স, পুলিশ, দমকল এবং পুরসভার প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ অডিট দল গঠন করা হচ্ছে। তারা ভবনের নকশা, নির্মাণ পদ্ধতি এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে (Taratala)।

তবে হাসপাতাল, দমকল, মেট্রো, সেনা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণ প্রকল্পগুলিকে এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ত্রুটিপূর্ণ নকশার কারণেই তারাতলার নির্মীয়মাণ গুদাম ও শীতলগার ধসে পড়তে পারে। সেই কারণেই অতীতে অনুমোদন পাওয়া নির্মাণ প্রকল্পগুলির নকশাও পুনরায় পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Taratala)।

মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি ভবনটির নকশা অনুমোদিত হয়েছিল। মাত্র পাঁচ মাসের মধ্যেই বুধবার দুপুরে হুড়মুড় করে ভেঙে পড়ে তিনতলা কাঠামোটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন একাধিক মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিক।

উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশকে। ভার্টিকাল ড্রিলিং, ড্রোন নজরদারি এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধানী কুকুরের সাহায্যে চলছে তল্লাশি। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আঠারো জনকে। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে একাধিক অ্যাম্বুল্যান্স। গুরুতর আহতদের গ্রিন করিডর তৈরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এসএসকেএম হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাস্থলেও খোলা হয়েছে অস্থায়ী চিকিৎসা শিবির। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বিধানসভায় এই বিষয়ে বিস্তারিত বিবৃতি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts