ভোটের আগে নোয়াপাড়া এলাকায় হঠাৎ বিস্ফোরণের মতো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Noapara Blast)। শনিবার দুপুরে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর। স্থানীয় বাসিন্দাদের দাবি, থানার ভেতর দিক থেকেই ওই শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় (Noapara Blast)।
বাসিন্দাদের অভিযোগ, বিস্ফোরণের পর ধাতব টুকরো বা স্প্লিন্টার উড়ে গিয়ে তাঁদের বাড়ির ছাদ ও উঠোনে পড়ে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। হঠাৎ এই ঘটনায় আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন স্থানীয় মানুষজন (Noapara Blast)।
এলাকাবাসীর দাবি, বিষয়টি জানানো হলেও প্রথমে কোনও দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। ফলে ক্ষোভও তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাঁদের প্রশ্ন, থানার ভেতরে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে (Noapara Blast)।
জানা গিয়েছে, যেখানে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, সেটি একটি পরিত্যক্ত পুলিশ ব্যারাক। সেখানে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই জায়গায় বোমা মজুত ছিল এবং সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। যদিও পুলিশ এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি। ঘটনাটি খতিয়ে দেখতে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। বিস্ফোরণে পরিত্যক্ত বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে।
এর আগে কল্যাণীর গয়েশপুরে একটি স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যেখানে একটি বোমা ফেটে যায় এবং আরেকটি বোমা উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল। একইভাবে এই ঘটনাতেও নানা প্রশ্ন উঠছে।
এদিকে একই দিনে আক্রা সন্তোষপুর এলাকায় রেললাইনের ধারে একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। সেখানে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। এই অগ্নিকাণ্ডের জেরে রেল চলাচলেও প্রভাব পড়ে।













