কালীঘাটে প্রতিবাদ কর্মসূচির মাঝেই বিতর্কের কেন্দ্রে উঠে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বারুইপুরের ঘটনায় প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিল তৃণমূল। কর্মসূচি ঘিরে উত্তেজনা বাড়তেই কালীঘাটে নিজের বাড়ির সামনে ভিড় নিয়ন্ত্রণ করতে মাইক হাতে নামেন মমতা। সেই সময় আচমকাই এক ব্যক্তিকে সপাটে চড় মারতে দেখা যায় তাঁকে। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলের পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বহু কর্মী জড়ো হন। ভিড় বাড়তে থাকায় বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। সেই সময় পরিস্থিতি সামাল দিতে মাইক হাতে নিজেই ভিড় সরানোর কাজ শুরু করেন মমতা।
ঠিক সেই সময় কমলা রঙের জামা পরা এক ব্যক্তিকে আচমকা চড় মারতে দেখা যায় তাঁকে (Mamata Banerjee)। স্থানীয় সূত্রের দাবি, ওই ব্যক্তি তৃণমূলেরই এক কর্মী। তবে কী কারণে মমতা তাঁর উপর ক্ষুব্ধ হলেন, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়েই তিনি মেজাজ হারিয়ে ফেলেন।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনা প্রমাণ করছে যে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যা (Mamata Banerjee) মানসিক চাপে রয়েছেন। কেন্দ্রের এক মন্ত্রীও তাঁর আচরণ নিয়ে কটাক্ষ করেছেন।
কালীঘাটের এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। কেন মমতা আচমকা ওই ব্যক্তিকে চড় মারলেন, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। ফলে ঘটনাটি ঘিরে জল্পনা আরও বাড়ছে।












