Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • কেন খুন করা হল চন্দ্রনাথ রথকে! কী বলছেন ছোটবেলার বন্ধুরা
রাজ্য

কেন খুন করা হল চন্দ্রনাথ রথকে! কী বলছেন ছোটবেলার বন্ধুরা

chandranath Rath 1
Email :23

মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে (Chandranath Rath) গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় স্করপিও গাড়িতে থাকা অবস্থায় তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তাঁর গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় তিন থেকে চারজন দুষ্কৃতী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক অনুমান, একটি চারচাকা গাড়ি চন্দ্রনাথের পথ আটকায়। এরপর বাইকে করে আসা হামলাকারীরা খুব কাছ থেকে গুলি চালায় এবং দ্রুত এলাকা ছাড়ে। তদন্তকারীদের ধারণা, বিকেল থেকেই দুষ্কৃতীরা এলাকায় অপেক্ষা করছিল।

জানা গিয়েছে, ঘটনার দিন চন্দ্রনাথ (Chandranath Rath) দিনভর শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন। রাতে তিনি মধ্যমগ্রামের দিকে নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় দোলতলা এলাকায় সাহারা ব্রিজের কাছে এবং পরে একটি বিরিয়ানি দোকানের সামনে তাঁর গাড়ি থামানো হয়। সেখানেই হামলা হয় বলে অভিযোগ। গাড়ির ভেতরে সামনে বসা অবস্থায় তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। তাঁর শরীরে অন্তত তিনটি গুলি লাগে বলে জানা গিয়েছে (Chandranath Rath)।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ছোটবেলার বন্ধু এবং প্রতিবেশীরা তাঁর মৃত্যুকে মেনে নিতে পারছেন না। এক বন্ধু জানান, চন্দ্রনাথ ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ২০০০ সালে মাধ্যমিক পরীক্ষায় তিনি ভালো ফল করেছিলেন এবং একাধিক বিষয়ে লেটার ও স্টার পেয়েছিলেন। তিনি খুবই শান্ত ও সাহায্যপ্রবণ স্বভাবের ছিলেন বলেও দাবি করেন তিনি।

বন্ধুদের দাবি, চন্দ্রনাথ জীবনে কখনও কোনও ঝামেলায় জড়াননি। চাকরি পাওয়ার পর কিছুদিন বাইরে থাকলেও পরে এলাকায় ফিরে আসেন এবং রাজনৈতিকভাবে যুক্ত হন। এক সময় তিনি তৃণমূলের সঙ্গে ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। একাংশের দাবি, রাজনৈতিক কারণে তাঁকে লক্ষ্য করে খুন করা হয়েছে। যদিও পুলিশ এখনও পর্যন্ত তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রশ্ন, এত শান্ত স্বভাবের একজন মানুষকে কেন এইভাবে খুন করা হল। দীর্ঘদিন ধরে যাঁরা তাঁকে চেনেন, তাঁদের বক্তব্য, এই ঘটনার পেছনে আসল কারণ এখনও রহস্যে ঘেরা। পুলিশ সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts