ভোটের দিন ভবানীপুরে দেখা গেল এক অন্য ছবি। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তৃণমূল কংগ্রেসের একটি ক্যাম্প অফিসে ঢুকে পড়লেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বুধবার বুথে বুথে পরিদর্শনের সময় হঠাৎই তিনি ওই ক্যাম্পে প্রবেশ করেন (Suvendu Adhikari)।
সেখানে উপস্থিত তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে হাসিমুখে কথা বলেন শুভেন্দু। তাঁদের সঙ্গে হাতও মেলান। প্রথমে কিছুটা অবাক হয়ে গেলেও পরে তৃণমূল কর্মীরাও স্বাভাবিকভাবে তাঁর (Suvendu Adhikari) সঙ্গে কথা বলেন। সেই সময় এক কর্মী তাঁকে একটি ঠান্ডা পানীয় এগিয়ে দেন। শুভেন্দু সেটি গ্রহণ করে পান করেন এবং হাসিমুখেই সেখান থেকে বেরিয়ে যান।
এই ঘটনাটি বিশেষভাবে নজর কাড়ে, কারণ এই কেন্দ্রেই তুমুল রাজনৈতিক লড়াই চলছে। ভবানীপুরে মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রের দিকে সবার নজর রয়েছে।
এদিন সকাল থেকেই শুভেন্দু বিভিন্ন বুথে ঘুরে পরিস্থিতি পরিদর্শন করছিলেন। কালীঘাট এলাকায় একসময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কিছু মহিলা কর্মী-সমর্থক (Suvendu Adhikari)। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। সেই পরিস্থিতিতে তিনি কেন্দ্রীয় বাহিনীকে ফোন করেন এবং দ্রুত বাহিনী পৌঁছে যায়।
শুভেন্দুর অভিযোগ, ওই এলাকায় বহিরাগতদের ঢুকিয়েছে তৃণমূল। তবে এই উত্তেজনার মধ্যেই অন্য একটি ছবিতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। তৃণমূলের ক্যাম্পে গিয়ে স্বাভাবিকভাবে কথা বলা এবং ঠান্ডা পানীয় গ্রহণ করার ঘটনাটি ভোটের দিন ভবানীপুরে এক অন্য দিক তুলে ধরল।












