প্রবীণ কংগ্রেস নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury) নিরাপত্তায় বড় পরিবর্তন করল কেন্দ্র। এতদিন তিনি উচ্চ স্তরের নিরাপত্তা পেতেন। এবার সেই নিরাপত্তার মাত্রা কমিয়ে নতুন ব্যবস্থা করা হয়েছে। এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
দীর্ঘ প্রায় পঁচিশ বছর বহরমপুরের সাংসদ ছিলেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। এই সময় তিনি কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। সাংসদ থাকার সময় থেকেই তিনি উচ্চ স্তরের নিরাপত্তা পেয়ে আসছিলেন। লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরও সেই নিরাপত্তা ব্যবস্থা বহাল ছিল।
এবার কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর নিরাপত্তার ব্যবস্থা বদলে দেওয়া হয়েছে। (Adhir Chowdhury) নতুন ব্যবস্থায় তাঁর সঙ্গে থাকবেন দুই জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং দুই জন রাজ্য পুলিশের কনস্টেবল।
নিরাপত্তায় এই পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধীররঞ্জন চৌধুরী বলেন, নিরাপত্তার কোন স্তর রয়েছে, তা নিয়ে তিনি কোনও দিনই মাথা ঘামাননি। তাঁর কথায়, প্রয়োজন মনে হওয়ায় নিরাপত্তা কমানো হয়েছে। এতে তাঁর কোনও আপত্তি নেই। তিনি আরও জানান, কোনও দিনই তিনি রাজ্য বা কেন্দ্রের কাছে ব্যক্তিগতভাবে নিরাপত্তা চেয়ে আবেদন করেননি।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে পরাজয়ের পরও তাঁর নিরাপত্তা আগের মতোই ছিল (Adhir Chowdhury)। সেই সময় এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল। বিরোধী শিবিরের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল, সাংসদ না থাকা সত্ত্বেও কেন তাঁর জন্য আগের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।
সম্প্রতি বিধানসভা নির্বাচনেও অধীররঞ্জন চৌধুরী পরাজিত হন। একই সঙ্গে তিনি আর প্রদেশ কংগ্রেস সভাপতির পদেও নেই। এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তায় হঠাৎ পরিবর্তনের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনও আলাদা কারণ জানানো হয়নি।











