ভারত ও আমেরিকার বাণিজ্যচুক্তি (US-India Deal) নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শুল্ক সংক্রান্ত মতভেদের কারণে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে আপাতত সরে এসেছে নয়াদিল্লি। এই দাবি সামনে আসতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
পীযূষ গোয়েল বলেন, গত জুন মাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার দিল্লি সফরে এসেছিলেন। সেই সময় দু’পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে (US-India Deal)। তাঁর দাবি, ভারত ও আমেরিকা দু’দেশই একটি ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক লাভজনক বাণিজ্যচুক্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি কার্যকর হলে দুই দেশের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের উপকার হবে বলেও তিনি জানিয়েছেন।
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, শুল্ক সংক্রান্ত মতপার্থক্যের কারণে ভারত অন্তর্বর্তীকালীন বাণিজ্যচুক্তির প্রস্তাব গ্রহণ করেনি। আরও আলোচনা ছাড়া নয়াদিল্লি কোনও সিদ্ধান্ত নিতে রাজি নয় বলেও দাবি করা হয়েছিল। তবে এই সমস্ত খবর সম্পূর্ণ ভুয়ো বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী (US-India Deal)।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ভারত ও আমেরিকা যৌথভাবে জানিয়েছিল, পারস্পরিক স্বার্থ রক্ষা করে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্যচুক্তির কাঠামো তৈরির বিষয়ে দুই দেশ একমত হয়েছে। এরপর এপ্রিল মাসে ভারতীয় বিশেষজ্ঞ দল ওয়াশিংটন সফর করে বিস্তারিত আলোচনা চালায়। পরে মার্কিন প্রতিনিধিদলও নয়াদিল্লিতে এসে বৈঠক করে। সূত্রের খবর, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতেই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির চূড়ান্ত রূপ প্রকাশ হতে পারে।













