ভোটের ফল ঘোষণার আগেই বহরমপুরে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। তাঁর দাবি, তৃণমূলের যাঁরা হারবেন, তাঁরা ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। এমনকি বহরমপুরের তৃণমূল নেতাদের একটি অংশ বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) বলেন, তৃণমূলের পরাজিত নেতারা আগামী দিনে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে বিজেপির সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছেন। তাঁর দাবি, বহরমপুরের পুরসভাতেও এই বিষয়ে আলোচনা হয়ে গিয়েছে এবং আর্থিক সুবিধা বজায় রাখতে অনেকেই দল বদলের পরিকল্পনা করছেন।
এই মন্তব্যের জবাবে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন, হারবেন অধীর চৌধুরী (Adhir Chowdhury) এবং বিজেপির প্রার্থীরাই। তাঁর দাবি, বহরমপুর লোকসভা তৃণমূল জিতেছে এবং বিধানসভাতেও জয় পাবে। অধীরের বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে, তিনি নিজেই অন্যদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছেন বলে কটাক্ষ করেন অরূপ।
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান-এর বিরুদ্ধে লড়াই করে পরাজিত হন অধীর রঞ্জন চৌধুরী। এবার তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। প্রচারের সময় বারবার বাধার মুখে পড়ার অভিযোগও তুলেছিলেন তিনি। তাঁর দাবি ছিল, তৃণমূল বুঝে গিয়েছে তারা হারবে বলেই তাঁর প্রচারে বাধা দেওয়া হচ্ছে।
অধীর প্রশ্ন তোলেন, যখন আগের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জিতেছিল, তখন তাঁর প্রচারেই কেন বাধা দেওয়া হচ্ছে। এই প্রশ্ন থেকেই তিনি ইঙ্গিত দেন, তৃণমূল তাঁর শক্তিকে ভয় পাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই তাঁর সাম্প্রতিক মন্তব্য নতুন করে রাজনৈতিক জল্পনা উস্কে দিয়েছে।












