Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • রাঘবের বড়সড় সিদ্ধান্ত! আপ ছেড়ে বিজেপিতে, সঙ্গে আরও ছয় সাংসদ
দেশ

রাঘবের বড়সড় সিদ্ধান্ত! আপ ছেড়ে বিজেপিতে, সঙ্গে আরও ছয় সাংসদ

raghav chadha
Email :6

সব জল্পনার অবসান ঘটিয়ে আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে আরও ছয়জন আপ সাংসদও বিজেপিতে যোগ দিচ্ছেন। একটি সাংবাদিক বৈঠকে নিজেই এই কথা জানান রাঘব। সম্প্রতি তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি সংসদে কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগও উঠেছিল দলের বিরুদ্ধে।

দিল্লিতে সন্দীপ পাঠক ও অশোক মিত্তলকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাঘব (Raghav Chadha) বলেন, তিনি আপ ছেড়ে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, রাজ্যসভায় আপের মোট সাংসদের মধ্যে দুই-তৃতীয়াংশই এবার বিজেপিতে যোগ দেবেন। যাঁদের নাম সামনে এসেছে তাঁদের মধ্যে রয়েছেন হরভজন সিং, স্বাতী মালিওয়াল, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, রাজিন্দর গুপ্তা এবং বিক্রম সাহানি। বর্তমানে রাজ্যসভায় আপের মোট দশজন সাংসদ রয়েছেন, তার মধ্যে সাতজনই দল বদল করছেন বলে দাবি রাঘবের (Raghav Chadha)।

রাঘব (Raghav Chadha) জানান, সংবিধানের বিধান মেনেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন। কেন এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে তিনি নিজের সবটুকু দিয়ে দলকে গড়ে তুলেছেন। কিন্তু এখন সেই দল আর আগের আদর্শে নেই। তাঁর কথায়, দল এখন দেশের স্বার্থের বদলে ব্যক্তিগত স্বার্থে কাজ করছে। তাই তিনি মনে করেছেন, সঠিক জায়গায় থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেকদিন ধরেই তাঁর মনে হচ্ছিল তিনি ভুল দলে রয়েছেন। তাই এবার তিনি সরাসরি মানুষের কাছে যেতে চান।

এই ঘটনার আগে সংসদে একাধিক জনস্বার্থের বিষয় তুলে ধরেছিলেন রাঘব। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সাধারণ মানুষের সমস্যা নিয়ে সরব হয়েছিলেন তিনি। এরপরই হঠাৎ তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। পরে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি প্রশ্ন তোলেন, মানুষের কথা বলা কি অপরাধ? পাল্টা আপের তরফে অভিযোগ করা হয়, তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে ভয় পান।

এই পরিস্থিতিতে রাঘবের দলবদল ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts