মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে আবার সক্রিয় হল বিরোধী শিবির। তাঁকে পদ থেকে অপসারণ করতে এবার রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিল বিরোধীরা (Gyanesh Kumar)। এর আগে একই ধরনের প্রস্তাব লোকসভায় জমা দেওয়া হয়েছিল।
বিরোধীদের অভিযোগ, দায়িত্ব পালন করতে গিয়ে জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। সংসদে জমা দেওয়া নোটিসে তাঁর বিরুদ্ধে মোট নয়টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে বৈষম্যমূলক আচরণ, নির্বাচনী জালিয়াতির তদন্তে বাধা তৈরি করা এবং এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বহু ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ। জানা গিয়েছে, এই প্রস্তাবে মোট তিয়াত্তর জন বিরোধী সাংসদ সই করেছেন।
ঘটনার বিশেষ তাৎপর্য রয়েছে কারণ, এর ঠিক একদিন আগেই বাংলার প্রথম দফা এবং তামিলনাড়ুতে ভোট হয়েছে। সেই ভোটে রেকর্ড সংখ্যক মানুষ অংশ নিয়েছেন (Gyanesh Kumar)। সব রাজনৈতিক দলই নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করেছিল। তার মধ্যেই আবার এই ইমপিচমেন্ট প্রস্তাব নতুন করে বিতর্ক তৈরি করেছে।
এর আগে প্রায় তিনশো সাংসদের সই নিয়ে একই ধরনের একটি প্রস্তাব আনা হয়েছিল। নিয়ম মেনে তা সংসদের দুই কক্ষেই জমা দেওয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে লোকসভার স্পিকার ওম বিড়লা সেই প্রস্তাব খারিজ করে দেন। সেই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বিরোধীরা ফের নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় (Gyanesh Kumar)।
আগের মতো এবারও এই উদ্যোগে সক্রিয় ভূমিকা নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা ডেরেক ও ব্রায়েন আগেই জানিয়েছিলেন, সংসদে ডিলিমিটেশন বিল আটকে দেওয়ার পর এবার নির্বাচন কমিশনারকে সরানোর বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। সেই ঘোষণার পরই রাজ্যসভায় এই প্রস্তাব জমা পড়ল।












