রায়গঞ্জে নির্বাচনী প্রচারে এসে কড়া ভাষায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস—দুই দলকেই আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি দুর্নীতিগ্রস্ত হন, তাহলে তৃণমূলও কোনও অংশে কম নয়। সারদা চিটফান্ড থেকে শুরু করে আরজি কর কাণ্ড—একাধিক ইস্যু তুলে ধরে তিনি তৃণমূলকে নিশানা করেন (Rahul Gandhi)।
রায়গঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তর সমর্থনে সভা করতে এসে রাহুল (Rahul Gandhi) বলেন, তৃণমূলই বাংলায় বিজেপির পথ খুলে দিচ্ছে। তাঁর দাবি, তৃণমূল যদি সঠিকভাবে কাজ করত, তাহলে বিজেপি এই রাজ্যে শক্তি বাড়াতে পারত না।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি (Rahul Gandhi) প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। রাহুলের দাবি, মোদী তাঁর চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। একই সঙ্গে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসও বাংলার মানুষের জন্য কাজ করছে না। তাঁর অভিযোগ, মোদী যেমন দুর্নীতিতে জড়িত, তেমনই তৃণমূলও নানা দুর্নীতির সঙ্গে যুক্ত। সারদা চিটফান্ডের প্রসঙ্গও তিনি উল্লেখ করেন।
শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি-সহ একাধিক বিষয়ে তৃণমূলকে আক্রমণ করে রাহুল বলেন, রাজ্যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূল পাঁচ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি (Rahul Gandhi)। তাঁর দাবি, প্রায় চুরাশি লক্ষ মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছেন।
রাহুল আরও বলেন, এক সময় বাংলা শিল্পের জন্য পরিচিত ছিল। কিন্তু সিপিএমের পর তৃণমূল ক্ষমতায় এসে সেই শিল্প ধ্বংস করে দিয়েছে। আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনাও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, তৃণমূল যা খুশি তাই করছে এবং বিরোধীদের উপর হামলা চালাচ্ছে। কংগ্রেস কর্মী তপন কুণ্ডুকে খুন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
শেষে তিনি বলেন, কংগ্রেস হিংসার বিরুদ্ধে এবং সত্য ও অহিংসার পথেই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়।













