উত্তরবঙ্গে (North Bengal) টানা ভারী বৃষ্টির জেরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। পাহাড়ি নদীগুলির জলস্তর প্রতিদিন বাড়ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একাধিক এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ (North Bengal) উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, জেলা প্রশাসন, পুলিশ এবং সেচ দপ্তরকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে উত্তরবঙ্গকে বন্যার হাত থেকে স্থায়ীভাবে রক্ষা করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হয়েছে।
দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির প্রভাব পড়েছে নদীগুলিতে (North Bengal)। তিস্তা, তোর্ষা, বালাসন-সহ একাধিক নদীর জল দ্রুত বাড়ছে। সিকিম এবং ভুটানেও ভারী বৃষ্টি হওয়ায় সেখানকার জল নেমে এসে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পাহাড়ে একাধিক জায়গায় ধস নামায় যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় সড়কের বিভিন্ন অংশে যান চলাচলেও সমস্যা তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষ এবং পর্যটকদের নিরাপত্তায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ (North Bengal) উন্নয়নমন্ত্রী জানান, পাহাড় এবং তরাই-ডুয়ার্সের নদীগুলির পলি অপসারণের কাজ শুরু করা হবে। দীর্ঘদিন ধরে নদীগুলিতে পাথর, বালি ও কাদা জমে নাব্যতা কমে গিয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই নদীর জল উপচে পড়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। পলি সরিয়ে নদীর জলধারণ ক্ষমতা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য।
মন্ত্রী আরও জানান, বহু এলাকায় নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলিও দ্রুত মেরামত ও শক্তিশালী করা হবে। পাশাপাশি যেসব নদীর সংস্কার প্রয়োজন, সেগুলির জন্যও পৃথক পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাঁর দাবি, এই দীর্ঘমেয়াদি পদক্ষেপগুলি বাস্তবায়িত হলে আগামী বছর উত্তরবঙ্গে বন্যার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে (North Bengal)।













