ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে (Bhangar) নতুন করে উত্তেজনা ছড়াল। একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও আইএসএফের মধ্যে।
জানা গিয়েছে, ভাঙড়ের (Bhangar) ভোগালি দুই গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম কাঁঠালিয়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই বোমা উদ্ধার করা হয়। গত রাতের বোমাবাজির ঘটনার তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই এই বোমার খোঁজ পায় পুলিশ। এরপর এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে দুই ড্রাম বোমা উদ্ধার করা হয়।
এই ঘটনার পরই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছে। আইএসএফের দাবি, ভোটের সময় অশান্তি তৈরির জন্য তৃণমূল এই বোমা মজুত করেছিল। তাদের বক্তব্য, যে বাড়ি থেকে বোমা পাওয়া গিয়েছে, সেটি এক তৃণমূল কর্মীর। তাই এই ঘটনার দায় এড়ানো যাবে না। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, আইএসএফের লোকজনই ওই পরিত্যক্ত বাড়িতে বোমা রেখে তাদের ফাঁসানোর চেষ্টা করছে (Bhangar)।
ভাঙড় বিধানসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী এবং তৃণমূলের প্রার্থী শওকত মোল্লার মধ্যে রাজনৈতিক লড়াই ইতিমধ্যেই তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে বোমা উদ্ধারের ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিল।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বোমাগুলি কীভাবে সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আগে এই ধরনের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।













