দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও কোনও অশান্তি যাতে না হয়, সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে। কিন্তু তার মধ্যেই ভাঙড়-সহ একাধিক (Bhangar) এলাকা থেকে উত্তেজনার খবর সামনে আসছে।
এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পুলিশি ধরপাকড় (Bhangar)। পুরনো অপরাধের সঙ্গে যুক্ত এমন ২৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের বিভিন্ন এলাকা থেকেও বেশ কয়েকজনকে ধরা হয়েছে। সব মিলিয়ে গত কয়েক ঘণ্টায় প্রায় তিন শতাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। কমিশনের দাবি, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
এরই মধ্যে ভাঙড় (Bhangar) এলাকায় গত কয়েক দিনে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে। তিন দিনে প্রায় একশোর কাছাকাছি বোমা পাওয়া গেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে জাতীয় তদন্ত সংস্থা। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে তদন্তে ভাঙড়ে পৌঁছয় এনআইএ-র একটি দল (Bhangar)। তারা বিভিন্ন জায়গায় গিয়ে বোমা উদ্ধারের ঘটনা খতিয়ে দেখে এবং কারা এর সঙ্গে যুক্ত, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে এই তদন্ত ও তল্লাশি ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। শাসকদলের অভিযোগ, সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। বিরোধীদের সুবিধা দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তাদের দাবি।
ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গায় পিকেটিংও শুরু হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।













