চিকেনস নেক’ অর্থাৎ শিলিগুড়ি করিডরের নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে উত্তরবঙ্গে দফায় দফায় বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির জুম্মাগছ এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন। বিএসএফ আউটপোস্ট ঘুরে দেখার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করেন তিনি (Amit Shah)।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জুম্মাগছ গ্রামটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা। এখান থেকে রাবভিটার দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার। এই অঞ্চলের সবচেয়ে বড় উদ্বেগ মহানন্দা নদীর বিস্তীর্ণ উন্মুক্ত এলাকা। বর্ষাকালে নদীপথে অনুপ্রবেশের ঝুঁকি বাড়ে বলেই মনে করছে নিরাপত্তা মহল (Amit Shah)।
শিলিগুড়ি করিডর ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ স্থলপথ। তাই এই করিডরের নিরাপত্তা নিশ্চিত করা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোয়েন্দাদের মতে, মহানন্দা নদীপথ উন্মুক্ত থাকলে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় দ্রুত পৌঁছনো সম্ভব, যা নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।
এই পরিস্থিতিতে অমিত শাহ (Amit Shah) সীমান্তে নতুন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ১০টি নতুন বর্ডার আউটপোস্ট তৈরি হবে, যার মধ্যে দু’টি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে। পাশাপাশি নদী এলাকায় স্মার্ট ভার্চুয়াল ফেন্সিং, উন্নত থার্মাল ইমেজিং সিস্টেম এবং ত্রিস্তরীয় স্মার্ট ফেন্সিং বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণে চিনা প্রকৌশলীদের উপস্থিতি বাড়ায় ভারতের উদ্বেগও বেড়েছে। সেই কারণেই ‘চিকেনস নেক’ এলাকায় নজরদারি আরও কড়া করতে চাইছে কেন্দ্র।











