নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া এই আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে তাঁর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রথের নাম। যদিও বিজেপির তরফে এখনও তাঁর নাম ঘোষণা করা হয়নি।
প্রার্থী হওয়ার জল্পনা নিয়ে মুখ খুলেছেন হাসি রথ নিজেই (Nandigram)। তাঁর বক্তব্য, বিষয়টি এখনও শুধুই জল্পনার পর্যায়ে রয়েছে। বিজেপি একটি সুশৃঙ্খল দল এবং দলের কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের আলোচনার পরেই প্রার্থী ঠিক করা হয়। তাই এখনই প্রার্থী হিসেবে তাঁর নাম নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
তবে নিজের পরিবারের কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন হাসি রথ। তিনি জানান, ছেলে চন্দ্রনাথ রথের মৃত্যুর পর শুভেন্দু অধিকারী তাঁর পরিবারের অভিভাবকের মতো পাশে রয়েছেন। তাই শুভেন্দু যদি তাঁকে নন্দীগ্রামের (Nandigram) দায়িত্ব নিতে বলেন, তা হলে তিনি সেই দায়িত্ব নিতে প্রস্তুত।
হাসি রথের কথায়, “শুভেন্দু অধিকারী চাইলে নন্দীগ্রামের দায়িত্ব নিতে আমি তৈরি।” তিনি আরও জানান, এমন দায়িত্ব পেলে শেষ নিশ্বাস পর্যন্ত তা পালন করে যাবেন।
নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা উপনির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে একাধিক নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই সম্ভাব্য তালিকায় হাসি রথের নাম সামনে আসায় পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।
চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ আপ্তসহায়ক। তাঁর মৃত্যুর পর হাসি রথের পরিবারের পাশে শুভেন্দু অধিকারী রয়েছেন বলেই জানিয়েছেন তিনি। সেই সম্পর্কের সূত্রেই এবার নন্দীগ্রাম উপনির্বাচনে হাসি রথের নাম নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
তবে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত নন্দীগ্রামের প্রার্থী হিসেবে কারও নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। দলের কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা যাচ্ছে। ফলে শেষ পর্যন্ত শুভেন্দুর ছেড়ে যাওয়া নন্দীগ্রাম আসনে বিজেপি কাকে প্রার্থী করে, সেটিই এখন দেখার।













